কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের প্রত্যন্ত এলাকা টাম্বলার রিজের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নারকীয় এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
হতাহতের বিভীষিকাময় চিত্র পুলিশ জানায়, ‘অ্যাকটিভ শ্যুটার’ বা সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্কুলের ভেতর থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তল্লাশির একপর্যায়ে স্কুল-সংলগ্ন একটি বাড়ি থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ওই বাড়ির ঘটনাও স্কুলের গুলিবর্ষণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।
হামলাকারী নারী ও আত্মহত্যা তত্ত্ব আরসিএমপি আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন। কানাডিয়ান গণমাধ্যমের খবরে মোবাইলে পাঠানো সতর্কবার্তার বরাতে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ছিলেন বাদামি চুলের ও বিশেষ পোশাক পরা এক নারী। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি।
চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত দুজনকে এয়ারলিফট করে দ্রুত বড় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে, তা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
ঘটনার পরপরই টাম্বলার রিজ এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান ও দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে স্কুল তল্লাশি শেষে পুলিশ জানায়, আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।
স্কুল বন্ধ ও শোকের ছায়া এদিকে স্থানীয় স্কুল জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থা করা হবে।
ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তা ও সলিসিটর জেনারেল নিনা ক্রিগার এক বিবৃতিতে বলেন, “আজকের মর্মান্তিক ঘটনা পুরো সম্প্রদায় ও রাজ্যকে নাড়া দিয়েছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত টাম্বলার রিজ একটি ছোট্ট শহর, যার জনসংখ্যা প্রায় ২ হাজার ৪০০। কয়লাখনি ও ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারের জন্য পরিচিত শান্ত এই জনপদে এমন ভয়াবহ ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।