সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ফোন করে তারেক রহমানের সঙ্গে সরাসরি কথাও বলেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এক্স-এ মোদীর বার্তা পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তিনি অত্যন্ত ‘আনন্দিত’। মোদী আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে।
সম্পর্ক ও অঙ্গীকার তিনি বলেন, “প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ।” ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।