রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবিতে সম্মানসূচক শব্দ না লেখার নির্দেশ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

পরিপত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলোকে দাপ্তরিক যোগাযোগ ও নথি প্রেরণের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। পরিপত্র জারির দিন থেকেই অর্থাৎ বুধবার থেকে সিদ্ধান্তটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের কাছে পরিপত্রের কপি পাঠানো হয়েছে।

এর ফলে সরকারি দাপ্তরিক নথি, চিঠিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের প্রথা বন্ধ হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত