শেখ হাসিনার আপিলের অধিকার নিয়ে যা বললেন আইনমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশত্যাগ করেন। তিনি দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, নাকি আপিলের সুযোগ পাবেন—এ নিয়ে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতে চাইলে বিষয়টি আইন অনুযায়ী নির্ধারিত হবে।

আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির আপিলের অধিকার রয়েছে কি না, সেটি ব্যক্তিবিশেষের জন্য আলাদাভাবে ব্যাখ্যা করার বিষয় নয়। প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থার ডিজিটালাইজেশন প্রকল্প প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, এই ব্যবস্থা চালু হলে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি ঠেকানো সহজ হবে।

তিনি বলেন, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্যও সহজে যাচাই করা সম্ভব হবে। এর ফলে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ হবে।

বিষয়:

শেখ হাসিনা
এলাকার খবর

সম্পর্কিত