নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সভ্যতাই পূর্ণতা পায় না। রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন।
তিনি জাতীয়তাবাদী মহিলা দলকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি মতপ্রকাশের কারণে গ্রেপ্তার হওয়া নারীদের পরিবারের প্রতিও সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় খাদিজা ও নুসরাতসহ অনেক নারী নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে রিজভী বলেন, এসব ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে সক্রিয় ছিল।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক ও বৈশ্বিক সংকট। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী দাবি করেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। কুয়েত, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্যাসবাহী কার্গো ইতোমধ্যে দেশে আসছে।
মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে কিছু সময় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলেও তা মেরামত করা হয়েছে বলে জানান তিনি। ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, সংকট মোকাবিলায় প্রয়োজনে ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে। এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বাজারে হস্তক্ষেপ করছে। তার দাবি, সরকারের পদক্ষেপের কারণে শাকসবজি, চাল, ডাল, লবণসহ প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বড় ধরনের বৃদ্ধি পায়নি এবং আগস্টে মূল্যস্ফীতিও কমেছে।
রিজভী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পালন করছে। সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার মতো কর্মসূচি রয়েছে।
শিক্ষাক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তা বিএ ও বিএ অনার্স পর্যন্ত সম্প্রসারণ করেছেন। এসব উদ্যোগ নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সাফল্য কামনা করে রিজভী বলেন, বিএনপি সবসময় নারীদের সম্মান ও তাদের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে।
সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা এক নারীর ওপর হামলার ঘটনারও নিন্দা জানান তিনি। রিজভীর ভাষায়, নারীর ওপর হামলা অত্যন্ত নিকৃষ্ট কাজ। যারা নারীদের ওপর হামলা করে এবং এ ঘটনায় উল্লাস করে, তারা কাপুরুষ।