ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আগে জারি করা রুল খারিজ করে বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। তিনি সাংবাদিকদের জানান, আদালত আগের জারি করা রুল খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির কোনো সুযোগ থাকছে না।
মামলার নথি অনুযায়ী, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালনের কারণে ছবি না তুলে বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবিতে ২০২২ সালে রিটটি করা হয়। রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা এ রিট আবেদন করেন। এ বিষয়ে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে প্রতিনিধিত্বের ক্ষমতা দেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন সুমাইয়া। আবেদনে তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী হিসেবে উল্লেখ করেন। ধর্মীয় বিধান অনুসরণের কারণে ছবি না তোলায় তার জাতীয় পরিচয়পত্র হয়নি বলেও জানান তিনি।
এনআইডি না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে ছবি ছাড়াই বিকল্প কোনো পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন তিনি।
তবে ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় পরে হাইকোর্টে রিট করেন সুমাইয়া। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।
রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।