ডিজিটাল দুনিয়ায় জেন–জি: ব্যাংক কার্ড যেভাবে হয়ে উঠছে ‘মানিব্যাগ’

সহযাত্রী ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে, তারা ‘জেনারেশন জেড’ বা ‘জেন–জি’ হিসেবে পরিচিত। মিলেনিয়ালদের পরের এই প্রজন্ম ইন্টারনেটের সঙ্গে বেড়ে উঠেছে। এই বয়সী তরুণ–তরুণীদের আধুনিক জীবনযাত্রার বড় একটা অংশজুড়ে রয়েছে ‘প্লাস্টিক মানি’ বা ব্যাংক কার্ড। মানিব্যাগে টাকা রাখার চেয়ে একটা কার্ডে পুরো পৃথিবী পকেটে নিয়ে ঘোরাটাই তাদের কাছে এখন স্বস্তির ও নিরাপদ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত এক নিবন্ধে ডিজিটাল দুনিয়ায় জেন–জির আর্থিক লেনদেনের এই চিত্র ফুটে উঠেছে।

প্রযুক্তিবান্ধব প্রজন্মের ‘স্মার্ট’ লেনদেন জেন–জিরা স্বভাবে ও কাজে বেশ চটপটে। কেনাকাটা থেকে শুরু করে যেকোনো ধরনের পেমেন্ট—ক্যাশ গোনার ঝামেলা এড়িয়ে ব্যাংক কার্ডেই তাদের নির্ভরতা। বাজার বিশ্লেষকদের মতে, এই প্রজন্মের তরুণেরা এখন আর ব্যাংকের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে রাজি নন। তারা চান, সব হবে চোখের পলকে।

সময়ের সঠিক ব্যবহার আর দ্রুত সব কাজ সারতে চাওয়া এই প্রজন্মের কাছে কার্ড এখন শুধু লেনদেনের মাধ্যম নয়; বরং যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সমাধান পাওয়ার এক বড় ভরসা। স্মার্টফোনের অ্যাপ দিয়ে নিজের খরচ নিয়ন্ত্রণ করা আর কেনাকাটায় ক্যাশব্যাক বা ডিসকাউন্টের মতো সুবিধার কারণে কার্ডের দিকে বেশি ঝুঁকছেন তারা। কেবল ফ্যাশন নয়; বরং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেও জেন–জিরা নগদ টাকার বদলে কার্ড ব্যবহারকেই বেশি কার্যকর ও সময়–সাশ্রয়ী বলে মনে করছে।

প্রজন্মের সীমানা ছাড়িয়ে ডিজিটাল বিপ্লব বেড়ে ওঠার শুরু থেকেই ইন্টারনেট ব্যবহারের অবাধ সুবিধা পেয়েছে জেন–জিরা। ফলে ব্যাংকিং খাতের নতুন সব উদ্ভাবন, স্মার্ট কার্ড থেকে শুরু করে বায়োমেট্রিক ফিচার—সবকিছুর সুফল সবচেয়ে বেশি ভোগ করছে এই প্রজন্ম। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিবিমুখ আগের প্রজন্মকেও ডিজিটাল ব্যাংকিং ও এআইয়ের দুনিয়ায় অভ্যস্ত করতে তারা বড় ভূমিকা রাখছে। তাদের হাত ধরেই পরিবারের মিলেনিয়াল বা তারও আগের প্রজন্ম ধীরে ধীরে স্মার্ট কার্ড বা পিনবিহীন লেনদেনে আগ্রহী হয়ে উঠছে।

আন্তর্জাতিক পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ডের চিফ প্রোডাক্ট অফিসার জর্ন ল্যাম্বার্টের মতে, “বর্তমান সময়ের গ্রাহকেরা সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পছন্দ করেন। পরিবর্তনের এই ধারায় জেন–জি হয়তো পথ দেখাচ্ছে, তবে ব্যক্তিগত পছন্দের এই চাহিদা এখন সব প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে।”

আগামী দিনের ব্যাংকিং আর্থিক খাতে এই ডিজিটাল রূপান্তর কেবল লেনদেনের মাধ্যম পরিবর্তন করেনি, সঙ্গে বদলে দিয়েছে জীবনযাত্রার ধরনও। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রযুক্তির এই সহজলভ্যতা আর নিরাপত্তার মিশেলে আগামী দিনের ব্যাংকিং হবে আরও বেশি মানবিক ও ব্যক্তিগত। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো—প্রযুক্তি যেন মানুষের দাস না হয়ে বরং অকৃত্রিম বন্ধু হয়ে ওঠে, যার মাধ্যমে পুরো পৃথিবী চলে আসবে হাতের মুঠোয়।

 

এলাকার খবর

সম্পর্কিত