চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাস আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসাবে) যার পরিমাণ ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই প্রবাস আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি।
অর্থবছরের সামগ্রিক চিত্র চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (সাত মাস ১৪ দিনে) মোট প্রবাস আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার।
পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের এই সময়ে গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা।