ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামায়াতে ইসলামীর কর্মী বা সমর্থক হিসেবে গণমাধ্যমে খবর প্রকাশের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা ‘অনৈতিক, দায়িত্বজ্ঞানহীন, দুরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
গত রোববার রাজধানীর কমলাপুরে হাওর এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে ট্রেনে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার একজনকে জামায়াত নেতা হিসেবে দাবি করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের লোগো ব্যবহার করে ওই ফটোকার্ড ছড়ানো হয়েছিল। তবে সংবাদমাধ্যমে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি বলে দলটির দাবি।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নয়াপল্টনে এক কর্মসূচিতে রুহুল কবির রিজভী বলেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কর্মী বা সমর্থক বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
রিজভীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা জানতে রিজভী প্রশ্ন তুলেছেন। একইভাবে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাতেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কোনো প্রকার প্রমাণ ছাড়া জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা দুঃখজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে সোমবার রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতে ইসলামী লংমার্চ করছে না কেন—রিজভীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন এহসানুল মাহবুব।
তিনি বলেন, কোনো ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় কী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক বক্তব্য মূল ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্ত করার বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।