মামদানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বললেন, ‘আমি চাই তিনি একজন দারুণ মেয়র হোন’

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গ্রেসি ম্যানশনে বৈঠক করেছেন। সোমবারের এ বৈঠকে সাশ্রয়ী আবাসন, অভিবাসন ও নিউইয়র্কবাসীর নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ট্রাম্প মামদানির ভবিষ্যৎ মেয়র হিসেবে সফলতা কামনা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি আশা করেন জোহরান মামদানি নিউইয়র্কের একজন ‘দারুণ মেয়র’ হবেন। একই সঙ্গে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু করার প্রত্যাশার কথাও জানান তিনি।

মামদানি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁদের মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। বিশেষ করে সাশ্রয়ী আবাসন ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে। নিউইয়র্কবাসীর জন্য কার্যকর ভূমিকা রাখতে পারেন—এমন সবার সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত বলেও জানান মেয়র।

বৈঠকে কুইন্সের সানিসাইড ইয়ার্ড এলাকায় শত শত নতুন আবাসন ইউনিট নির্মাণের বিষয়েও দুজনের আগ্রহের কথা উঠে আসে। মামদানি বলেন, নিউইয়র্কের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসী জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়ে তিনি তাঁর অবস্থান ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।

বিশেষ করে হাইতিয়ানসহ বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠী নিউইয়র্কের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন মামদানি। একই সঙ্গে দুই নেতার মধ্যে থাকা বিভিন্ন মতপার্থক্য নিয়েও তাঁরা খোলামেলা আলোচনা করেছেন বলে জানান তিনি।

বৈঠকের আগে ও পরে দুই নেতার আচরণও ছিল সৌহার্দ্যপূর্ণ। মামদানি সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর পাশে অবস্থান করেন। পরে সংবাদ সম্মেলন শেষে ট্রাম্পকে মামদানির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেও দেখা যায়।

গ্রেসি ম্যানশনে মার্কিন কোনো প্রেসিডেন্টের সফর দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হলো। এর আগে ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান নিউইয়র্কের তৎকালীন মেয়র এড কোচের সঙ্গে সেখানে বৈঠক করেছিলেন।

রাজনৈতিকভাবে ট্রাম্প ও মামদানির অবস্থানের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। ট্রাম্প রিপাবলিকান দলের নেতা ও মামদানি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত। তবে সোমবারের বৈঠকে দুই নেতা নিউইয়র্কের আবাসন, অভিবাসন ও নিরাপত্তাসহ শহরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত