রাজউকের প্ল্যান অনুমোদনে ২৪ দিনের সময়সীমার উদ্যোগ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাজউকের সেবা ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না। স্থানীয় পর্যায়ে মানুষের সেবা সহজ করতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কার্যকরভাবে সেবা দিতে পর্যাপ্ত জনবল প্রয়োজন। এ কারণে রাজউকের বড় এলাকার চাপ কমিয়ে স্থানীয় মানুষকে আরও সহজে সেবা দেওয়ার লক্ষ্যে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তনের কথা তুলে ধরে জাকারিয়া তাহের সুমন বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে রাজউক থেকে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে মেইন ক্লিয়ারেন্স প্রয়োজন হতো। এখন মিউটেশন হয়ে গেলে এ জন্য আর রাজউকে যেতে হবে না।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে এনডিএ আইন পাস হয়েছে। কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নারায়ণগঞ্জবাসীকে আরও সহজে সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলাই এ কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য এনডিএ আলাদা বিশেষ পরিকল্পনা প্রণয়ন করবে। সেই পরিকল্পনার ভিত্তিতে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালনা করা হবে।

এনডিএর সীমানা সম্প্রসারণের বিষয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কর্তৃপক্ষের একটি সীমানা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। সেটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে ফতুল্লা, সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনা করেই সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এনডিএ গঠনের সিদ্ধান্ত আগের সরকারের সময়ে নেওয়া হয়েছিল এবং এর বাস্তবায়নে সময় প্রয়োজন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্টরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত