জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ছে না, লঞ্চের ভাড়া নিয়ে পরশু বৈঠকে সিদ্ধান্ত

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তবে নৌযানের ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, আগেও জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। এবারও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে এ বিষয়ে আগামী পরশু একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লঞ্চের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট বৈঠকে বিষয়টি বিবেচনা করা হবে। নৌযান মালিকদের সঙ্গে আলোচনা করে জ্বালানির দাম বৃদ্ধির ফলে তাদের ব্যয় কতটা বেড়েছে এবং কতটা সমন্বয় করা সম্ভব, তা পর্যালোচনা করা হবে।

পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, পরিবহন খাতের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক জড়িত। তাদের স্বার্থও বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে যাত্রীদের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেও নজর রাখতে হবে।

রেলের লোকসান প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, রেলওয়েতে লোকসান রয়েছে। তবে গতবার ভাড়া না বাড়িয়েও লোকসান ২২৫ কোটি টাকা কমানো সম্ভব হয়েছিল। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে রেলের ওপর প্রকৃত প্রভাব কতটা পড়েছে, তা আগামী পরশুর বৈঠকে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, “আমার শতভাগ চেষ্টা থাকবে, যাতে ট্রেনের ভাড়া বাড়াতে না হয়।”

পণ্য পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া রয়েছে। তবে দেশে অনেক ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর-কষাকষির মাধ্যমে ভাড়া নির্ধারণের প্রচলন রয়েছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, বাসাবাড়ির মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিতে পিকআপ ভাড়া করার ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট ভাড়া কার্যকর থাকে না। মালিক ও গ্রাহকের মধ্যে আলোচনার মাধ্যমে ভাড়া ঠিক হয়। তবে ট্রাকের ভাড়াও নির্ধারিত রয়েছে, যদিও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে মানা হয় না।

মন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালন করতে হবে। পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত