অস্থিতিশীলতার প্রতিবাদে কৃষিবিদদের মিছিল, নেতৃত্বে রিজভী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মঙ্গলবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে এ্যাবের নেতাকর্মীসহ কয়েক শত কৃষিবিদ অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

রিজভী বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে জামায়াতে ইসলামীর কোনো ভূমিকা নেই। জনগণের সঙ্গে প্রতারণার কারণে দলটি চূড়ান্ত পর্যায়ে জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ্যাবের নেতারা বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কৃষিবিদ ও কৃষি পেশাজীবীরা ঐক্যবদ্ধ। কৃষি ও অর্থনীতির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলেও তাঁরা উল্লেখ করেন।

মিছিলে এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পেশাজীবী কৃষিবিদ নেতারাও মিছিলে অংশ নেন।

আয়োজকেরা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁদের ভাষ্য, রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত