ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অনিয়ম তদন্তে তিন বিচারিক কমিটি গঠন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনি অপরাধের সংক্ষিপ্ত বিচার পরিচালনার জন্য তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।

ইসির জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলায় দায়িত্ব পালন করবেন ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা। রুহিয়া উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের সিভিল জজ মো. তোসিকুল আলমকে। আর ভূল্লী উপজেলায় দায়িত্ব পালন করবেন রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনি দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাঁদের নিজ নিজ দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়েছে বলে গণ্য হবে।

নির্বাচনি দায়িত্ব পালনের সময় কমিটির কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের সঙ্গে তিনজন করে সশস্ত্র পুলিশ সদস্য নিয়োগের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছে ইসি।

এ ছাড়া কোনো অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজন হলে স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কমান্ডার বা ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপনির্বাচনের তফসিল

গত ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময় পাওয়া যাবে। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে স্বচ্ছ ব্যালট বাক্সে।

ভোটার বেড়েছে ৮ হাজারের বেশি

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন।

তবে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে এই আসনে নতুন করে ৮ হাজার ৩২২ জন ভোটার যুক্ত হয়েছেন। ফলে বর্তমানে আসনটির মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য পরে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়েছে। এ কারণেই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত