আগামী নির্বাচনে সরাসরি নারী প্রার্থী দেবে জামায়াত: মারদিয়া মমতাজ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরাসরি নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। এ বিষয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তটি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন মারদিয়া মমতাজ। আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
মারদিয়া মমতাজ বলেন, গত নির্বাচনেও জামায়াতের পক্ষ থেকে নারী সদস্যদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। তখন দলের প্রায় ৭০ শতাংশ নারী সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নেতিবাচক মত দিয়েছিলেন।
তিনি বলেন, ওই সময় নারীদের প্রধান উদ্বেগ ছিল নির্বাচনে অংশ নিলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত হবে কি না। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই অনেকে সরাসরি নির্বাচনে যেতে চাননি।
নারীদের রাজনৈতিক অংশগ্রহণের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মারদিয়া মমতাজ। তিনি বলেন, ‘নারীদের আজ রাস্তায় নামার অবস্থা নেই।’ দলের অভ্যন্তরে ভিন্নমত প্রকাশ করলে পদ বা বরাদ্দ না পাওয়ার আশঙ্কার কথাও তিনি তুলে ধরেন।
ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার প্রসঙ্গে মারদিয়া মমতাজ বলেন, তিনি ওই আসনে নির্বাচন করলে তাঁর ওপরও ওসমান হাদীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কি না, সে বিষয়ে তাঁর আশঙ্কা রয়েছে। এ কারণে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি অনাগ্রহ প্রকাশ করেন।
আলোচনা সভায় জুলাই অভ্যুত্থান, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তারা আলোচনা করেন।