ব্যালন ডি’অরের এবারের সংক্ষিপ্ত তালিকায় থাকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে পুরস্কারটি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড নিজের সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি তাঁর আফ্রিকান শিকড় নিয়েও কথা বলেছেন।
ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এমবাপ্পে। টুর্নামেন্টে ১০ গোল করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি ফ্রান্সকে সেমিফাইনালে তুলেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে তাঁর মোট গোলের সংখ্যা এখন ২২, যা তাঁকে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে নিয়ে গেছে।
এ কারণেই ব্যালন ডি’অরের আলোচনায় এমবাপ্পের নাম জোরালোভাবে রয়েছে। এর মধ্যেই নিজের আফ্রিকান শিকড় ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে কথা বলেছেন তিনি।
এমবাপ্পের বাবা উইলফ্রিড ক্যামেরুনের এবং মা ফাইজা লামারির পারিবারিক শিকড় আলজেরিয়ায়। ফ্রান্সে জন্ম ও বেড়ে ওঠা হলেও এমবাপ্পে জানিয়েছেন, তাঁর শৈশব ও পারিবারিক সংস্কৃতিতে আফ্রিকার প্রভাব রয়েছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম ‘আরএফআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সে জন্মগ্রহণ করলেও আফ্রিকান সংস্কৃতির মধ্যেই তাঁর বেড়ে ওঠা এবং নিজের শিকড় ও উৎসের সঙ্গে তিনি কখনো সম্পর্ক ছিন্ন করেননি।
২০২৩ সালে বাবার পূর্বপুরুষের দেশ ক্যামেরুনেও গিয়েছিলেন এমবাপ্পে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যামেরুন ও আলজেরিয়ায় থাকা আত্মীয়দের সঙ্গেও তাঁর যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানান তিনি।
ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপ্পে বলেছেন, পুরস্কারটি জিততে পারলে কোনো না কোনোভাবে তা আফ্রিকার শিকড়কে উৎসর্গ করতে চান। আফ্রিকার সাংবাদিক ও সমর্থকদের দীর্ঘদিনের সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি।
এবারের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। ভোট গ্রহণও চলছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।