শুধু মধ্যপ্রাচ্য নয়, এখন ২৩ দেশ থেকে আসছে খেজুর!

সহযাত্রী ডেস্ক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেড়-দুই দশক আগেও বাংলাদেশের খেজুর আমদানির প্রায় পুরোটা নির্ভর ছিল মধ্যপ্রাচ্যের ওপর। তবে খাদ্যাভ্যাসের পরিবর্তন, সারা বছর খাওয়ার প্রবণতা এবং বাজারে বৈচিত্র্য আনার কারণে এখন আমদানির উৎস অনেক বিস্তৃত হয়েছে। বর্তমানে বিশ্বের ২৩টি দেশ থেকে বাংলাদেশে খেজুর আসছে। এর মধ্যে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও জাপানের মতো দেশগুলোও।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত এক প্রতিবেদনে খেজুর আমদানির এই চিত্র উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০০৫–০৬ অর্থবছরে মাত্র পাঁচটি দেশ থেকে খেজুর আমদানি হতো, যার ৭৩ শতাংশই আসত ইরান থেকে। তখন বছরে আমদানি হতো মাত্র ২০–২২ হাজার টন। কিন্তু এখন স্বাস্থ্যসচেতনতা বাড়ায় বছরে আমদানি প্রায় ১ লাখ টনের কাছাকাছি পৌঁছেছে।

এনবিআরের সর্বশেষ তথ্য বলছে, গত বছর বাংলাদেশ ২৩টি দেশ থেকে ৯২ হাজার টন খেজুর আমদানি করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ (ইরাক, ইরান, সৌদি আরব, ইউএই) থেকে এসেছে ৮৮ দশমিক ৫৯ শতাংশ। আফ্রিকা (তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া) থেকে এসেছে ৯ দশমিক ৫৮ শতাংশ। বাকি প্রায় ২ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ১৩টি দেশ থেকে।

যুক্তরাষ্ট্র থেকে খেজুর আমদানি উৎপাদনে বিশ্বে ১৮তম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে ২০১৫ সালে প্রথম খেজুর আমদানি শুরু হয়। শুরুতে পরিমাণ কম থাকলেও এখন তা বাড়ছে। চলতি রোজার আগে গত জানুয়ারিতেই যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪৭ হাজার কেজি খেজুর আমদানি হয়েছে। ঢাকার ‘উত্তরা ফ্রুটস’ তিন চালানে এই খেজুর এনেছে, যার শুল্কায়নমূল্য প্রায় দুই কোটি টাকা। প্রতি কেজিতে প্রায় ১৯০ টাকা শুল্ক-কর দিতে হয়েছে আমদানিকারককে। যুক্তরাষ্ট্র থেকে মূলত ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ও বড় আকারের ‘মেডজুল’ খেজুর আসে।

খাতুনগঞ্জের আমদানিকারক রাইসুল ইসলাম বলেন, “আকারে বড় হওয়ায় মেডজুল খেজুরের আলাদা বাজার রয়েছে এবং দামও তুলনামূলক বেশি।”

মার্কিন আগ্রহ ও বাজার সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির খেজুর রপ্তানির গন্তব্যের তালিকায় বাংলাদেশ ছিল ২৮তম স্থানে, যা ২০২৫ সালে ১৯তম স্থানে উঠে এসেছে। মার্কিন খেজুর-বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট সম্প্রতি ঢাকার খুচরা দোকান পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে বছরে ১৪ কোটি ডলারের বেশি খেজুর আমদানি হয় এবং এই বাজার ১৫ শতাংশ হারে বাড়ছে।

এলাকার খবর

সম্পর্কিত