সালাহর বিরুদ্ধে মিসরে মামলা, ৬ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: Al Jazeera
ছবি: Al Jazeera

লিভারপুল ছেড়ে তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। এর মধ্যেই পুরোনো এক আইনি জটিলতায় পড়েছেন মিসরের এই তারকা ফরোয়ার্ড। বকেয়া আইনি ফি পরিশোধের দাবিতে করা মামলায় তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মিসরের নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্সের দেওয়ানি বেঞ্চ সম্প্রতি এ আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে উপস্থিত হয়ে মামলায় তাঁর অবস্থান সম্পর্কে শপথ নিতে হবে।

আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াবের দায়ের করা পাওনা দাবির মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। ওই আইনজীবীর দাবি, তিনি দীর্ঘদিন সালাহর পক্ষে বিভিন্ন আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করেছেন। আদালতের নথিপত্রসহ বিভিন্ন বিষয়ও তিনি সামলেছেন। তবে এসব কাজের বিপরীতে তাঁর প্রাপ্য ফি পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

তবে আইনজীবীর করা এসব দাবি অস্বীকার করেছেন সালাহ। মামলার আরজিতে উল্লিখিত কাজ এবং বকেয়া ফি দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেননি। তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করতে আদালত তাঁকে সশরীরে হাজির হয়ে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, সালাহ যদি নির্ধারিত সময়ে হাজির হয়ে শপথ নিতে ব্যর্থ হন কিংবা উপযুক্ত কারণ ছাড়া শপথ নিতে অস্বীকৃতি জানান, তাহলে তাঁকে শপথ গ্রহণে অস্বীকৃতি জানানো ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে মামলার দাবিগুলো তিনি মেনে নিয়েছেন বলে ধরে নেওয়া হতে পারে এবং রায় তাঁর বিপক্ষে যেতে পারে।

বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার রায় স্থগিত রেখেছেন বিচারক।

২০২৫ সালে মামলার সূত্রপাত

বকেয়া ফি দাবি করে ২০২৫ সালের সেপ্টেম্বরে সালাহর বিরুদ্ধে মামলা করেন ওই আইনজীবী। আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে সালাহর দেওয়া একটি সাধারণ পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতে তিনি বিভিন্ন আইনি ও প্রশাসনিক কাজ করতেন। ওই ক্ষমতার মেয়াদ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত বহাল ছিল। পরে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বকেয়া ফি ছাড়াও আর্থিক ও মানসিক ক্ষতিপূরণ দাবি করেছেন আইনজীবী।

এদিকে, মামলাটি এমন সময়ে সামনে এলো যখন সালাহ তুরস্কের ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সম্প্রতি লিভারপুল ছেড়ে ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন তিনি। আগামী ১৫ আগস্ট কাশিমপাশার বিপক্ষে ম্যাচ দিয়ে তুর্কি লিগে তাঁর অভিষেক হতে পারে।

এরপর ৬ সেপ্টেম্বর গেনচলেরবিরলিগির বিপক্ষে ত্রাবজোনস্পোরের হয়ে মাঠে নামার কথা রয়েছে সালাহর। একই দিনে মিসরের আদালতে তাঁর সশরীরে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। ফলে নতুন ক্লাবে ক্যারিয়ার শুরুর সময়ই তাঁকে সামলাতে হচ্ছে পুরোনো একটি আইনি বিরোধ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত