নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে ৬ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।

গঠিত ছয় কমিটির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি করা হয়েছে।

প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে।

সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটিগুলো কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

এ ছাড়া উপকমিটির আহ্বায়কদের তাঁদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত