বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না। আর বিভক্ত করতে চাই না। সাম্য ও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন।” তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে দেশবাসী সেবা করার সুযোগ দিলে আমরা বলব, আসুন আগামী ৫ বছর এক হয়ে দেশ পরিচালনা করি।”
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীসহ ১০-দলীয় নির্বাচনী ঐক্যজোটের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ পরিচালনার ৩ শর্ত জামায়াত আমির তার বক্তব্যে এক হয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে তিনটি কঠোর শর্ত মেনে আসার কথা বলেন। শর্তগুলো হলো: ১. দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতির আশ্রয় দেব না। ২. সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। ৩. ‘বস্তাপচা’ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
ফ্যাসিবাদ ও মামলার পরিসংখ্যান ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, দুর্নীতি যেন আর সমাজে চলাফেরা করতে না পারে—এমন দেশ ও সমাজ গড়ার জন্য দেশবাসী মুখিয়ে আছে। বিশেষ করে যেসব যুবক গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে তারা মুখিয়ে আছে।” প্রতিহিংসার রাজনীতির বিপরীতে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা বলেছিলাম—একজন সাধারণ নিরীহ মানুষকেও অভিযুক্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। কাউকে মামলায় আসামি বানানো হবে না। তাই আমরা হাজার হাজার মামলা করিনি; ৮টি মামলা করেছি যেখানে আসামি মাত্র একজন। আমরা চাই না কেউ প্রতিহিংসার শিকার হয়ে কিংবা কেউ লোভ-লালসার শিকার হয়ে একদিনের জন্যও জেল খাটুক। সাড়ে ১৫ বছর দফায় দফায় জেলে গিয়েছি। আমরা নিজেরা মজলুম হয়েছি, কাউকে মজলুম বানাতে চাই না।”
উপস্থিত নেতৃবৃন্দ ও প্রার্থীদের পরিচয় রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন:
-
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
-
এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।
-
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।
-
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
সমাবেশ শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী নির্বাচনে রংপুর অঞ্চলের ৪ জন প্রার্থীর পরিচয় করিয়ে দেন এবং তাদের জয়যুক্ত করার আহ্বান জানান। প্রার্থীরা হলেন: ১. রংপুর-১ আসন: রায়হান সিরাজী। ২. রংপুর-৩ আসন: মাহাবুবুর রহমান বেলাল। ৩. রংপুর-৫ আসন: গোলাম রব্বানী। ৪. রংপুর-৬ আসন: মাওলানা নুরুল আমিন।