তারেক রহমানের বড় ঘোষণা: ধানের শীষের পাশাপাশি ‘জুলাই সনদ’ রক্ষায় ‘হ্যাঁ’ ব্যালটে সিল দেওয়ার আহ্বান!

ডেস্ক রিপোর্ট
 ছবি:
ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘জুলাই সনদের’ সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “তাঁদের (শহীদদের) জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে।”

গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনের প্রচার শুরুর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) রাতে রংপুরের নির্বাচনী জনসভায় এসে প্রথমবারের মতো তারেক রহমান প্রকাশ্যে ‘হ্যাঁ-ভোট’ দেওয়ার এই আহ্বান জানালেন।

জুলাই সনদ ও ‘হ্যাঁ’ ভোটের ডাক রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসভায় তারেক রহমান বলেন, “অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে। এ রকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য।”

ভোটারদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, “সে জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে—১২ তারিখে ধানের শীষে যেমন সিলটা দেবেন, একই সঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেবে ‘হ্যাঁ’ এবং ‘না’, সেখানে ‘হ্যাঁ’-এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন।”

সংস্কার প্রস্তাব ও বিএনপির অবস্থান সংস্কার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। ৩১ দফা সংস্কার প্রস্তাব।” তিনি আরও বলেন, “বিএনপি সংস্কার নিয়ে লুকোছাপা করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন করল এবং রাজনৈতিক দলগুলোকে আহ্বান করল। আমরাও গিয়েছি। মোটামুটিভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, সেটাই কম-বেশিভাবে তারাও দিয়েছে। আমাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, আমরা লুকোছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি, কোনটিতে আমরা সম্মতি দিয়েছি, কোনটিতে আমাদের অসম্মতি আছে।”

আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাক্ষাৎ জনসভার আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তারেক রহমান সড়কযোগে বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জের বামনপুর গ্রামে আসেন। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন:

  • আবু সাঈদের বাবা মকবুল হোসেন

  • মা মনোয়ারা বেগম

  • বড় ভাই রমজান আলীআবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তিনি রংপুরের জনসভায় যোগ দিতে রওনা হন।

উপস্থিত নেতৃবৃন্দ ও প্রার্থী পরিচিতি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন:

  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জনসভা শেষে রংপুর বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান এবং তাদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

এলাকার খবর

সম্পর্কিত