রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মোছা. মরিয়ম খাতুন (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ন্যাম ভবনে যায়। পরে একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে কক্ষের ভেতরে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। তাদের উপস্থিতিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা তৈরি হয়। পরে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।