আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

রোববার অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের বোর্ড সভায় নতুন নির্বাহী বোর্ড চূড়ান্ত করার পর মাহবুবুর রহমানকে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাহী বোর্ড সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়েছিল।

নতুন বোর্ডে দুজন সহসভাপতিও নির্বাচিত হয়েছেন। তারা হলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন। এছাড়া সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডে দেশের বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা রয়েছেন। তাদের মধ্যে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল উল্লেখযোগ্য।

এ ছাড়া বোর্ডে বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে কাজ করা একটি বৈশ্বিক সংগঠন। বিশ্বের ১৭০টির বেশি দেশে এর কার্যক্রম রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত