রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বর্তমান চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। পাশাপাশি দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উদ্যোগ ও পরিবর্তনের বিষয়েও তাকে অবহিত করা হয়।

উপাচার্য জানান, জেলা পর্যায়ে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপনের উদ্যোগ, দ্রুত পরীক্ষার ফল প্রকাশ এবং ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর মতো বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগের কথাও তুলে ধরা হয়। প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নেও বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত