বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে। হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থক আছে, তাদের বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি।”
গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের প্রতি বার্তা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে মির্জা ফখরুল বলেন, “আমরা পরিষ্কারভাবে বলছি, হিন্দু ভাই-বোনদের, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করেছেন, তাদের শুধু শাস্তি হবে। যারা অন্যায় করেননি, সাধারণ মানুষ, তাদের আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।”
জামায়াতকে কঠোর সমালোচনা একই ইউনিয়নের ছেপড়িকুড়া এলাকার পথসভায় মির্জা ফখরুল সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দেন। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন:
-
“আজ খবরের কাগজ খুলে দেখি আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল। ২০০১ সালে আমাদের সরকারে ছিল, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব।”
-
“এখন তারা বলতেছে, আমরা নাকি ওই সময় দুর্নীতি করেছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা। তাহলে ওই দায় তোমারও তো ঘাড়ে এসে পড়ে। দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে।”
১৫ বছরের আক্ষেপ ও বর্তমান পরিস্থিতি নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করছি ১৫ বছর আগে। মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি। সব ভোট নিয়ে গেছে ওরা (হাসিনার লোক/পুলিশ)।” বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আমরা এখন একটু স্বস্তিতে আছি, শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারছি। তবে পুরোপুরি আরামে নেই, জিনিসপত্রের দাম খুব বাড়ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো হয়েছে।”