১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

সহযাত্রী ডেস্ক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশনের আলোচ্যসূচি সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশনের প্রথম বৈঠকেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন, শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ থাকার কথা রয়েছে। অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

প্রেক্ষাপট ও সরকার গঠন ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর দেড় বছর পর চলতি মাসের ১২ তারিখ অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধানে বলা আছে, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে।

সভাপতিত্ব নিয়ে জটিলতা সাধারণ নিয়ম অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম বৈঠক শুরু হয় এবং সেখানে নতুন স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার এ সময়টাতে কে সভাপতিত্ব করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে, বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। এমন জটিল পরিস্থিতিতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিন পর গত মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এমন প্রেক্ষাপটে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।

এলাকার খবর

সম্পর্কিত