ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর (৫ আগস্ট) দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং জরুরি ভিত্তিতে পুলিশে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
মামলা যাচাই ও পুলিশি কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর বেশ কিছু মামলায় অনেক সুবিধাবাদী গ্রুপ নিরীহ মানুষকে জড়িয়ে হয়রানি করছে। পুলিশ বিভাগকে এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের আইনানুগ কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।”
নিয়োগ ও পদায়ন সংস্কার বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে ২ হাজার ৭০১টি শূন্যপদে পুলিশ কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে চালু হওয়া ওসি ও এসপি পদায়নে ‘লটারি পদ্ধতি’ বাতিল করেছেন মন্ত্রী। তিনি বলেন, “লটারি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। দক্ষতা ও সার্ভিস রেকর্ড দেখেই পদায়ন করা হবে।” ২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে তিনি জানান, তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের নিয়োগ প্রদান করা হবে।
পিলখানা ও অস্ত্র লাইসেন্স পিলখানা হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী এর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স এবং তার অধীনে থাকা অস্ত্র বাতিল করা হবে।
পাসপোর্ট সেবায় নতুন উদ্যোগ পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য কমাতে অভিনব উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের মতো পাসপোর্ট অফিসের আশপাশের সহযোগীদের নাম তালিকাভুক্ত করে জবাবদিহির আওতায় আনা হবে এবং তাদের সার্ভিস চার্জ নির্ধারণ করে দেওয়া হবে। এটি প্রথমে ঢাকাসহ বিভাগীয় শহরে পরীক্ষামূলকভাবে চালু হবে।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।