মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে'এরামোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতে পারস্পরিক স্বার্থ, সম্ভাবনা এবং সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা কৃষকদের মতো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পর্যায়ে পরবর্তী আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত