৩১ জানুয়ারি শেষ হলেও অস্ত্র জমা নিয়ে অন্ধকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও তাতে আশানুরূপ সাড়া মেলেনি। গত ৩১ জানুয়ারি ছিল অস্ত্র জমা দেওয়ার শেষ সময়। কিন্তু আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সারা দেশে জমা পড়া অস্ত্রের কোনো সঠিক পরিসংখ্যান নেই। উল্টো সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র চোরাচালান ও লুণ্ঠিত অস্ত্রের দাপট ভোটের মাঠকে উত্তপ্ত করে তুলছে।

মন্ত্রণালয়ের কাছে নেই কোনো হিসাব নির্বাচনের আর বাকি মাত্র ৪ দিন। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক-২ অধিশাখা) ড. জিয়াউদ্দিন আহমেদ নয়া দিগন্তকে জানিয়েছেন, “লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা কী পরিমাণ হয়েছে সেই ডাটা এখনো আমাদের কাছে আসেনি। ডিসিরা নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তথ্য পাঠাতে দেরি হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে মন্ত্রণালয়ের অস্ত্র জমা দেওয়ার অ্যাপসটিও বন্ধ রাখা হয়েছে।”

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের ভয়াল চিত্র গোয়েন্দা ও পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে ভয়াবহ তথ্য:

  • লুণ্ঠিত অস্ত্র: ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে ৫,৭৬৩টি অস্ত্র লুট হয়। এর মধ্যে এখনো ১,৩৩১টি উদ্ধার হয়নি।

  • গোলাবারুদ: খোয়া যাওয়া ৬ লাখ ৫২ হাজার ৮টি গোলার মধ্যে ২ লাখ ৫৭ হাজার ১৪৪টি এখনো উদ্ধার হয়নি।

  • আওয়ামী লীগ আমলের লাইসেন্স: গত সরকারের আমলে দেওয়া ১০,৫০৬টি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ৬৫৭টি এখনো জমা পড়েনি।

সহিংসতা ও চোরাচালান গোয়েন্দা সূত্র জানিয়েছে, নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রাম সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চোরাচালান আশঙ্কাজনকভাবে বেড়েছে। এরই মধ্যে সহিংসতার ঘটনাও ঘটছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

বিশেষজ্ঞ ও আইজিপির বক্তব্য নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া প্রচুর অস্ত্র এখনো অপরাধীদের হাতে রয়েছে। ফলে বিশৃঙ্খলা ঘটার শঙ্কা থেকেই যাচ্ছে।” তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আশ্বস্ত করে বলেন, “যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে ও পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠপর্যায়ে পর্যাপ্ত ফোর্স ও সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে।”

এলাকার খবর

সম্পর্কিত