দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় নরেন্দ্র মোদি

সহযাত্রী আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন মোদি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে মোদির বহনকারী বিমান অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এরপর রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের সম্মাননা দল পরিদর্শন করেন মোদি। তার আগমনের আনন্দে মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘মাদানি’ ড্রামিং পরিবেশনা ও নৃত্য প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ।

স্বাগত অনুষ্ঠান শেষে মোদি ও আনোয়ার ইব্রাহিম মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেন। এ সফরটি গত আগস্ট ২০২৪ সালে প্রধানমন্ত্রী আনোয়ারের ভারত সফরের পাল্টা প্রতিদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এটি মোদির মালয়েশিয়ায় তৃতীয় সফর এবং দুই দেশের ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ (CSP)’ উন্নীত হওয়ার পর প্রথম সফর।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার মোদি ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে CSP বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিকনির্দেশনা নির্ধারণ করা হবে। আলোচনা মূলত বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শ্রম, পর্যটন ও শিক্ষা খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে।

দুই নেতা একাধিক সমঝোতা স্মারক (MoU) ও সহযোগিতা সংক্রান্ত নথি বিনিময় করবেন। নথিগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, শ্রম, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা ও কারিগরি প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স-এর কাঠামো চুক্তি ‘এক্সচেঞ্জ অব লেটার’-এর মাধ্যমে উপস্থাপন করা হবে।

ভারত ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী এই সম্পর্ককে শক্ত ভিত্তি দিয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও গতিশীল। ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যার মধ্যে মালয়েশিয়ার রপ্তানি ৫২.৩ বিলিয়ন এবং আমদানি ২৭.১৯ বিলিয়ন রিঙ্গি। মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্য হলো পাম অয়েল ও বৈদ্যুতিক পণ্য, আর ভারতের কাছ থেকে আমদানিকৃত প্রধান পণ্য হলো কৃষিপণ্য, পেট্রোলিয়াম ও রাসায়নিক দ্রব্য।

এলাকার খবর

সম্পর্কিত