গণিত অলিম্পিয়াডজয়ীদের অভিনন্দন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াডজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের অলিম্পিয়াডে অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও অলিম্পিয়াড কার্যক্রম আরও বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহযোগিতা চাওয়া হলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাবেও তিনি সম্মতি দেন। এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুলে Activity-Oriented Mathematics চালুর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান।

শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য IELTS-এর আদলে পৃথক একটি গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও আলোচনায় আসে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

তিনি বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাতে IMO ও EGMO-তে পদকজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং গণিত অলিম্পিয়াড সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত