অনলাইন এডিটরস অ্যালায়েন্স সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও পেশাগত কাজ বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি এটিকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছে।
সংগঠনের সভাপতি মো. হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে আন্দোলনের সময় দায়িত্ব পালনরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের দ্বারা আকস্মিক হামলার শিকার হন। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং পেশাগত সরঞ্জাম ভাঙচুর হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের বাধা দেওয়া ও হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, আসন্ন নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
সংগঠন আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।