বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন মন্ত্রিসভা নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রিসভার যোগ্যতা ও মাপকাঠি মেজর হাফিজ বলেন, “যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের কোনো দুর্নীতির ইতিহাস নেই এবং জনগণের কাছে যারা আস্থাশীল, তাদেরই সরকার পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। মূলত নবীন-প্রবীণের সমন্বয়েই গঠিত হবে এবারের মন্ত্রিসভা।”
নির্বাচন ও সেনাবাহিনীর প্রশংসা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন’ হিসেবে অভিহিত করেন মেজর হাফিজ। তিনি বলেন, “দেশের এই দুর্দিনে সেনাবাহিনীর সহায়তা ছাড়া এমন সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হতো না।” নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুঁশিয়ারি ও বিরোধী দল বিএনপির এই জ্যেষ্ঠ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ দেশকে কেউ বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।” এছাড়া আগামী সংসদে ১১ দলীয় জোট (জামায়াতসহ শরিকরা) বিরোধী দল হিসেবে শক্ত ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।