ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী লড়াই হিসেবে উল্লেখ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
প্রতিবেদন অনুযায়ী, দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান। ফলে শুধু মাঠের লড়াই নয়, অর্থমূল্যের দিক থেকেও ম্যাচটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে মন্তব্য করেছেন। মাত্র ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের মতে, বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে ফ্রান্সের বিপক্ষে খেলাই তাঁর ফুটবল জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ।
বাজারমূল্যে এগিয়ে ফ্রান্স, একক খেলোয়াড়ে শীর্ষে ইয়ামাল
কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে গড়া ফ্রান্স দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার। অন্যদিকে লামিন ইয়ামাল, পেদ্রি, পাও কুবার্সিদের নিয়ে গঠিত স্পেন দলের বাজারমূল্য প্রায় ১৪৩ কোটি ডলার।
তবে একক খেলোয়াড়ের বাজারমূল্যে ফ্রান্সের এমবাপ্পেকেও ছাড়িয়ে গেছেন স্পেনের ইয়ামাল। ট্রান্সফার মার্কেটের সর্বশেষ মূল্যায়নে ইয়ামালের মূল্য প্রায় ২৩ দশমিক ৪ কোটি ডলার, যেখানে এমবাপ্পের বাজারমূল্য প্রায় ২১ কোটি ডলার। এছাড়া ফ্রান্সের মাইকেল ওলিসে এবং স্পেনের পেদ্রির বাজারমূল্য প্রায় ১৭ দশমিক ৫ কোটি ডলার।
রক্ষণভাগে ফ্রান্সের আধিপত্য
গোলরক্ষকের দিক থেকে স্পেন তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে। দলটির তিন গোলরক্ষকের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১১ দশমিক ৪ কোটি ডলার। অন্যদিকে ফ্রান্সের গোলরক্ষকদের সম্মিলিত মূল্য প্রায় ৬ দশমিক ৭ কোটি ডলার।
তবে রক্ষণভাগে এগিয়ে রয়েছে ফ্রান্স। উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে ও দায়ত উপামেকানোর মতো ডিফেন্ডারদের নিয়ে ফরাসি রক্ষণভাগের বাজারমূল্য প্রায় ৪৭ দশমিক ৩ কোটি ডলার। স্পেনের পাও কুবার্সি, আয়মেরিক লাপোর্তে ও পেদ্রো পোরোদের নিয়ে গড়া রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩ দশমিক ৭ কোটি ডলার।
আজকের এই সেমিফাইনালে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে, যেখানে শিরোপার লড়াইয়ে তাদের অপেক্ষায় থাকবে অপর সেমিফাইনালের বিজয়ী।