এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ইঙ্গিত, মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সম্প্রতি দেওয়া নিজের একটি বক্তব্য নিয়ে সমালোচনার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে এসব বিষয়ের পরীক্ষায় অনেক শিক্ষার্থী দুর্ভোগের শিকার হয়েছেন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

এর আগে প্রশ্নোত্তর পর্বে এবং পরে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি সংসদে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি জানাচ্ছেন এবং দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।

জবাবে শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। এতে অনেক পরীক্ষার্থী ভিজে কেন্দ্রে পৌঁছেছেন এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে। সেই সময় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষাও আবার আয়োজনের ব্যবস্থা করা হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সম্প্রতি দেওয়া তাঁর একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকের আপত্তি রয়েছে। এ বিষয়ে তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি উল্লেখ করে বলেন, যদি তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

পরীক্ষা পুনরায় আয়োজনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত