জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যাদের ‘ফার্মের মুরগি’ বলা হচ্ছে, তারাই রাজপথের আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের অনেককে গুরুত্বপূর্ণ পদে বসার সুযোগ করে দিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অবমূল্যায়ন করে দেওয়া মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, রাজপথে আন্দোলন করা শিক্ষার্থীদের কারণেই আজ অনেকে মন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর ভাষায়, যাদের ‘ফার্মের মুরগি’ বলা হচ্ছে, তারাই আন্দোলনের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে।
শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি একটি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তুলে তিনি বলেন, এতে পরীক্ষার্থীদের মানসিক চাপ আরও বেড়েছে।
বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানুষ বন্যায় চরম দুর্ভোগে থাকলেও পর্যাপ্ত সরকারি সহায়তা এখনো পৌঁছায়নি। ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দের পরিমাণও প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ করেন তিনি।
সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রয়োজন ছিল। কিন্তু সরকার সে পথে এগোচ্ছে না বলে তাঁর অভিযোগ। তিনি আরও বলেন, জনগণ শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনও চেয়েছিল।
বিএনপি সরকারেরও সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের পর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার পিছিয়ে রয়েছে। তাঁর দাবি, বিচার, প্রশাসনিক সংস্কার এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
সোনারগাঁ মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ‘জুলাই পথযাত্রা’ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলটির কয়েকজন সংসদ সদস্যও অংশ নেন।