জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা উপাচার্যের কাছে জমা দিল রাকসু

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় ৩০০ শিক্ষকের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে রাকসুর নেতারা ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা এ তালিকা হস্তান্তর করেন।

তালিকা জমা দেওয়ার পর রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত অনেক শিক্ষক এখনও ক্যাম্পাসে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, তাঁদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও এখনও বিচার প্রক্রিয়া শেষ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার ও ব্যানার দেখা গেছে। এ ঘটনায় জড়িতদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হবে।

ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় তিনি জানান, সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত