বিশ্বকাপ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পর এবার ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, এবারের বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের হাতে উঠতে দেখতেই চান মার্কিন প্রেসিডেন্ট।
আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটির আগে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক এবং হোয়াইট হাউসের বিশেষ সহকারী অ্যান্ড্রু জুলিয়ানি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল–কে জানান, যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হতে না পারলে ইংল্যান্ডের শিরোপা জয়ই তাঁদের পছন্দ।
জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদ্যাপনের আবহে ইংল্যান্ড যদি আমেরিকার মাটিতে বিশ্বকাপ জেতে, তবে সেটি হবে একটি স্মরণীয় এবং বিশেষ ঘটনা।
১৯৬৬ সালের পর আর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। প্রায় ছয় দশকের অপেক্ষার প্রসঙ্গ টেনে জুলিয়ানি বলেন, ইংল্যান্ড দীর্ঘদিন ধরে এই সাফল্যের অপেক্ষায় রয়েছে এবং এবারের দলটি শিরোপা জয়ের অন্যতম দাবিদার।
তিনি আরও বলেন, তাঁর বিশ্বাস ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের বাস্তব সুযোগ রয়েছে এবং দলটি টুর্নামেন্টজুড়ে ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে।
হ্যারি কেইনের প্রশংসা করে জুলিয়ানি বলেন, ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে অধিনায়ক কেইনের অবদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তিনি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং বড় ম্যাচের নির্ভরযোগ্য খেলোয়াড়। একই সঙ্গে জুড বেলিংহামকেও অসাধারণ প্রতিভাবান ফুটবলার হিসেবে উল্লেখ করেন তিনি।
জুলিয়ানি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ড দলের পারফরম্যান্স নিয়মিত অনুসরণ করছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ ট্রাম্প হ্যারি কেইনকে একজন দুর্দান্ত ফুটবলার এবং অসাধারণ ব্যক্তি বলেও উল্লেখ করেছেন।
ইংল্যান্ডের প্রতি বার্তা দিয়ে জুলিয়ানি বলেন, দলটির আত্মবিশ্বাস ধরে রাখা প্রয়োজন। তাঁর মতে, কোচের সবচেয়ে বড় দায়িত্ব হবে খেলোয়াড়দের বিশ্বাস করানো যে তাদের বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে।