কৃতিসন্তান ড. মুহিব্বুল্লাহ শাহিন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের ২০২৬–২০২৭ লায়ন বর্ষের কেবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মরহুম হযরত মাওলানা বজলুর রহমানের কনিষ্ঠ পুত্র ড. মুহিব্বুল্লাহ শাহিন পেশাগত জীবনে একজন সফল উদ্যোক্তা, সংগঠক ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা, শিক্ষা, মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ে দক্ষতা, নেতৃত্ব এবং মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর কেবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্বে তিনি জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, ক্লাবসমূহের মধ্যে সমন্বয় সাধন এবং বিভিন্ন মানবসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ড. মুহিব্বুল্লাহ শাহিন অতীতেও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বরগুনার সুনাম দেশ-বিদেশে তুলে ধরেছেন। তার এ অর্জনে বরগুনাসহ দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন।
প্রতিক্রিয়ায় ড. মুহিব্বুল্লাহ শাহিন বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনালের মতো বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠনের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে মানবসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমার প্রিয় জন্মভূমি বরগুনার সুনাম দেশ-বিদেশে আরও উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল শিক্ষা, স্বাস্থ্যসেবা, দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।