হরমুজ প্রণালির নিরাপত্তায় অর্থ নেবে যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আরও সক্রিয় ভূমিকা নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এত দিন বিনা মূল্যে নিরাপত্তা নিশ্চিত করলেও এখন থেকে এ দায়িত্ব পালনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ নেওয়া হবে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম Fox & Friends–এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির "অভিভাবক" হিসেবে দায়িত্ব পালন করবে। তাঁর ভাষায়, এত দিন ওয়াশিংটন বিনা পারিশ্রমিকে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করেছে, তবে ভবিষ্যতে এর জন্য ক্ষতিপূরণ আদায় করা হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেনা ও সম্পদ ঝুঁকির মধ্যে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তাই এ দায়িত্ব পালনের বিনিময়ে উল্লেখযোগ্য অর্থ পাওয়া উচিত।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য আসে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, দীর্ঘ আলোচনার পর যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, ইরানের প্রতিনিধিরা বৈঠক শেষে সেসব শর্ত পরিবর্তনের চেষ্টা করছে।

ট্রাম্প দাবি করেন, প্রায় ১১ ঘণ্টার বৈঠকে বিভিন্ন বিষয়ে সম্মতি হলেও পরে ইরান কয়েকটি শর্ত পরিবর্তনের অনুরোধ জানায়। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, প্রতিপক্ষ যখনই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, তখনই তেহরানও নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেছে। তিনি জানান, উত্তেজনা কমাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত