বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার বিরোধিতা আরও জোরালো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), উয়েফা, কনক্যাকাফ ও কয়েকটি জাতীয় ফুটবল ফেডারেশনের পর এবার আপত্তি জানিয়েছে ইউরোপের পেশাদার ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিফপ্রো ইউরোপ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন প্রস্তাব তৈরি করা হয়েছে, যা তারা কখনোই সমর্থন করবে না।
ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলো পরিচালনার জন্য ‘ফিফা ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে এর ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যায়নের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সংস্থাটির একটি অংশে বেসরকারি মালিকানা যুক্ত হবে।
ফিফপ্রো ইউরোপের ভাষ্য, এই উদ্যোগ বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের স্বার্থের জন্য উদ্বেগজনক। সংগঠনটি বলেছে, এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের কর্মপরিবেশ ও পেশাগত ভবিষ্যতের ভিত্তিই বদলে দিতে পারে।
বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের কল্যাণ, আন্তর্জাতিক ম্যাচসূচি এবং বিশ্ব ফুটবলের ভবিষ্যতের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে এমন একটি প্রস্তাব গোপনে এগিয়ে নেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।
সংগঠনটির মতে, এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তির বিষয় নয়; বরং বিশ্ব ফুটবলের শাসনব্যবস্থা, স্বচ্ছতা এবং খেলার সততার সঙ্গেও জড়িত। তারা সতর্ক করে বলেছে, বাণিজ্যিক স্বার্থ যেন খেলোয়াড়, সমর্থক ও ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের কণ্ঠকে চাপা না দেয়।
ফিফপ্রো ইউরোপ আরও জানায়, খেলোয়াড়দের মতামত উপেক্ষা করে নেওয়া এমন কোনো মডেল তারা সমর্থন করবে না।