কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সম্মতি দিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা এবং সমঝোতার পর মিয়ানমার এই সিদ্ধান্তে সম্মত হয়েছে।

তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন।”

একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, তাঁর দেশে অবস্থানরত রোহিঙ্গাদের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আনোয়ার বলেন, আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি না হওয়ায় তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। ফলে মালয়েশিয়াকে শরণার্থীদের নির্ধারিত স্থানে রাখতে হয়েছে।

তিনি মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলা এবং সাধারণ মানুষের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত