এখন পত্রিকায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই: পার্থ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক। তিনি দাবি করেন, এখন পত্রিকার পাতায় গুম, খুন কিংবা ব্যাংক লুটের খবর দেখা যায় না।

বুধবার বিকেল এবং বৃহস্পতিবার ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, খুন, হয়রানি, রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মদদে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতির ঘটনা ভবিষ্যতেও ঘটবে না। তবে ব্যক্তিগতভাবে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু গ্যাস থাকলেই শিল্প গড়ে ওঠে না। এজন্য ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, উন্নত আইনশৃঙ্খলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা।

ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে এমপি পার্থ জানান, সরকার নীতিগতভাবে প্রকল্পটি অনুমোদন দিয়েছে। বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর পিপিপি পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগও চলছে বলে জানান তিনি।

নদীভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার পরিস্থিতি গুরুতর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান থাকলেও কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে ব্যারিস্টার পার্থ জানান, হাসপাতালে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন জনবলের সংকট রয়েছে। ওষুধের ঘাটতিসহ অন্যান্য সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত