আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বারবার হামলার অভিযোগ ওঠায় তিনি আজ থেকে আর কোনো কথা বলবেন না। তিনি বলেন, এখন চুপ থেকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই দেখবেন।
বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এ জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে।”
এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস আলম।
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে পাটওয়ারী বলেন, ওই ঘটনায় দায়ের করা অভিযোগে কিছু সংশোধন আনা হচ্ছে। পুলিশ সুপার জানিয়েছেন, সংশোধনের পর তারা এফআইআরের কপি পাবেন।
তিনি দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে অভিযোগ করেন এবং হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চিকিৎসার প্রসঙ্গ তুলে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দেশে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হচ্ছে। সরকার যদি সহিংসতার পথ বেছে নেয়, তাহলে জনগণ প্রতিরোধের পথ বেছে নেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের দাবিতে এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে।