বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন মিসরের ফুটবলাররা। ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষে শুক্রবার দেশে ফিরে রাজধানী আলামেইনে হাজারো সমর্থকের উচ্ছ্বসিত সংবর্ধনা পেয়েছে দলটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান ও অভিনন্দনের ব্যানার নিয়ে ফুটবলারদের স্বাগত জানান সমর্থকেরা। অধিনায়ক মোহামেদ সালাহর ছবি হাতে নিয়ে অনেকেই ‘ধন্যবাদ’ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারা। আগামীকাল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয় পায় মিসর। শুধু তাই নয়, প্রথমবারের মতো শেষ ষোলোয় জায়গা করে ইতিহাসও গড়ে দলটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর নকআউটে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
তবে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়ভাবে বিদায় নিতে হয় মিসরকে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে পরাজিত হয় হোসাম হাসানের দল। তবুও দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরে বীরের মর্যাদা পেয়েছেন ফুটবলাররা।
সংবর্ধনায় উপস্থিত অনেক সমর্থকের হাতে ছিল প্রধান কোচ হোসাম হাসানের পোস্টার, যা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোর জন্য তাঁকে এভাবে সম্মান জানান সমর্থকেরা। টুর্নামেন্টজুড়ে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন তিনি এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বক্তব্য দেন।
এদিকে বিশ্বকাপ শেষে হোসাম হাসান ও তাঁর যমজ ভাই ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও নতুন চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তারা।
২০২৪ সালে মিসরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আসে। তাঁর অধীনে মিসর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে, আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে এবং এখন পর্যন্ত ২০টি জয় ও ৯টি ড্র অর্জন করেছে।