টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১০টি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে তিনি জানান, দুর্গত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মাহদী আমিন বলেন, সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি উদ্যোগ
- দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়।
- চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য জিআর কর্মসূচির আওতায় ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ।
- দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য ও তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা।
- প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে উদ্ধার কার্যক্রম জোরদার করা।
- স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের দুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ।
- প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, কোস্টগার্ড, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতা-কর্মীদের সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা।
- বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।
- নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের বাড়ি বাড়ি পরিদর্শন।
- জলাবদ্ধতার ঝুঁকি কমাতে চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কিলোমিটার রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা এবং পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য নিরাপদ স্থানে স্থায়ী আবাসনের উদ্যোগ।
মাহদী আমিন বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত উদ্যোগ এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।