বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শনিবারের নির্ধারিত আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বাইরে অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার নির্ধারিত পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গত ৫ জুলাই থেকে চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই জেলায় গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অবিরাম বৃষ্টির কারণে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।