বন্যা মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে সমন্বয়ের দায়িত্ব দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

শুক্রবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত সব সরকারি সংস্থার উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সরকারি নির্দেশনা অনুযায়ী, তিনি বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণসামগ্রীর মজুদ এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে নির্দেশনা প্রদান, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রতিমন্ত্রী নিয়মিতভাবে সরকারকে অবহিত করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত