বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাবে ভোটের সময়সীমা ১৯ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বিশ্বকাপের ২০% মালিকানা বিক্রির প্রস্তাবে ভোট ১৯ সেপ্টেম্বর, সদস্য দেশগুলোকে সময় দিল ফিফা

বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর আংশিক মালিকানা বিক্রির বিতর্কিত প্রস্তাবে মত দেওয়ার জন্য ২১১টি সদস্য দেশকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা পরিচালনার জন্য ‘ফিফা ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ (এফএফই) নামে ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে। পরে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স এবং দ্য ইনডিপেনডেন্ট ইনফান্তিনোর পাঠানো চিঠি পর্যালোচনা করে খবরটির সত্যতা নিশ্চিত করেছে।

পরিকল্পনা অনুযায়ী, বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল শেয়ার বিক্রির দায়িত্ব পালন করবে। ফিফার আশা, এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করা সম্ভব হবে।

প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৭-২০৩১ মেয়াদে ফিফা ফরোয়ার্ড কর্মসূচির আওতায় প্রতিটি সদস্য দেশ ২ কোটি ডলার পাবে। পাশাপাশি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোকে আরও ২ কোটি ডলার এককালীন বোনাস দেওয়া হবে। ফলে চার বছরের চক্রে একটি দেশ সর্বোচ্চ ৪ কোটি ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে।

অন্যদিকে প্রস্তাবটি অনুমোদন না হলে বর্তমান কাঠামো অনুযায়ী প্রতিটি সদস্য দেশের অনুদান মাত্র ১ কোটি ডলারে সীমিত থাকবে। ফিফার হিসাব অনুযায়ী, এতে সদস্য দেশগুলো সম্ভাব্য প্রায় ৩ কোটি ডলার অতিরিক্ত অর্থায়ন থেকে বঞ্চিত হবে।

ইনফান্তিনো চিঠিতে বলেন, এই পরিকল্পনা অনুমোদিত হলে সদস্য দেশগুলোর জন্য মোট ১ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ বাস্তবায়ন সম্ভব হবে। তিনি এটিকে বিশ্ব ফুটবলের উন্নয়নে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন।

বিতর্কের মুখে ফিফা জানিয়েছে, নতুন প্রতিষ্ঠান গঠন হলেও বিশ্বকাপ আয়োজন, প্রতিযোগিতা পরিচালনা, ক্রীড়া নীতিনির্ধারণ ও ফুটবল-সংক্রান্ত সব সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার হাতেই থাকবে।

তবে বিশ্লেষকদের একাংশের মতে, ছোট ও উন্নয়নশীল ফুটবল দেশগুলোর জন্য বড় অঙ্কের অনুদানের প্রতিশ্রুতি দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছেন। তাঁর সম্ভাব্য পরবর্তী মেয়াদের নির্বাচনের বিষয়টিও এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত