বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভারত অত্যন্ত আশাবাদী এবং সেই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে স্বাগত জানাতে প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি, অদূর ভবিষ্যতেই এই সফর বাস্তবায়িত হবে। আমরা অত্যন্ত আশাবাদী।”
ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।